পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর অদম্য স্বপ্ন নিয়ে সুদূর কুয়েতে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান জিয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তাঁর জীবন প্রদীপ। মৃত্যুর ১২ দিন পর রোববার সকালে ফ্রিজিং গাড়িতে করে তাঁর নিথর দেহ নিজ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান জিয়াউর রহমান। এরপর থেকেই প্রিয়জনের লাশের অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁর স্বজনরা। ১২ দিন পর সেই অপেক্ষার অবসান ঘটলেও তা পরিবারটির জন্য বয়ে এনেছে অসহনীয় বেদনার মুহূর্ত। তিন সন্তানের জনক জিয়ার এমন অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
মরহুমের বড় ভাই ও স্থানীয় মিরপুর বাজারের ব্যবসায়ী সাজিদুর রহমান জানান, রোববার বাদ আসর আব্দুল্লাহপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জিয়াউর রহমানের দাফন সম্পন্ন করা হবে। তাঁর অকাল মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তাঁর মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
















