কুষ্টিয়ার মিরপুরে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার চার মাইল নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকারিয়া ইসলাম (২৩)। তিনি দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ মোট চারজন আহত হয়েছেন। আহতরা হলেন অটোরিকশাচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন এবং তার পুত্রবধূ তামান্না। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়া এলাকায়। আহতরা বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মেহেরপুরের দিকে যাচ্ছিল। চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

















