নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে নতুন এক ইতিহাসের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে যোগ দিয়ে তিনি দেশের জন্য এক অনন্য রেকর্ড গড়েছেন। এর আগে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে প্রথমবার এবং তেরো বছর পর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। এ বছর অধিবেশন পরিচালনার দায়িত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি গত ২রা জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় বিকালে সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম জাতিসংঘ ভাষণ, যা তিনি প্রথা অনুযায়ী বাংলায় প্রদান করবেন। এই ভাষণের মধ্যদিয়ে জিয়া পরিবারের সাথে জাতিসংঘের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন একটি অধ্যায় সূচিত হবে।
উল্লেখ্য, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মোট পাঁচবার জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য রেখেছেন। এর মধ্যে ১৯৯৩ সালের ১লা অক্টোবর ৪৮তম অধিবেশনে প্রথম ভাষণ দেন তিনি। এছাড়া ১৯৯৫ সালে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভায় তিনি বক্তব্য দেন। এর আগে ১৯৮০ সালের ২৬শে আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১১তম বিশেষ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছিলেন। উপমহাদেশে শ্রীলঙ্কার বন্দরনায়েকে পরিবারের তিন সদস্যের জাতিসংঘে ভাষণের নজির থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বিশেষ মাইলফলক।
অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশে অংশ নেন। এছাড়া অধিবেশন কক্ষের বাইরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের আসন বিন্যাস অনুযায়ী সামনের সারিতে আসন পেয়েছেন প্রধানমন্ত্রী। অধিবেশন কক্ষে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। এছাড়া পেছনের সারিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যেখানে প্রথম দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাসহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধান বক্তব্য রেখেছেন।
















