রাজনীতি

আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে মিরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
সব খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় পল্লবী আবেশ রেষ্টুরেন্টের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। মিছিলটি মিরপুর ১২ নম্বর থেকে যাত্রা শুরু করে মিরপুর ১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় আবেশ রেষ্টুরেন্টের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা ককটেল নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।

উক্ত কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবরসহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সব খবর