পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের ক্লাবে আয়োজিত দুর্গাপূজার মণ্ডপে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
পূজা দেওয়ার বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি কোনো কমিউনিস্ট, নাস্তিক বা জামায়াত নন। তিনি একজন সনাতনী হিন্দু পরিবারের সন্তান এবং গত ৫০ বছর ধরে নিয়ম মেনে পূজা করে আসছেন। তিনি জানান, তার বয়স বর্তমানে ৫৬ বছর এবং এটি তার ব্যক্তিগত আস্থার বিষয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে এই ধর্মীয় বিশ্বাসের কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।
বামপন্থীদের সমালোচনা করে শুভেন্দু বলেন, যারা লোক দেখানো বক্তৃতা দেয়, তারা পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত গ্রহণ করে না কিংবা কপালে টিকা বা হাতে ডোর পরে না। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের বাপ-ঠাকুরদারা পরিচিত, তাদের থেকে সাবধান থাকতে হবে। এরা ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, তাই এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।
এসময় চোরবাগানের পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহতের ঘটনার বিষয়েও কথা বলেন তিনি। শুভেন্দু জানান, ওই ঘটনার তদন্ত চলছে এবং অন্যান্য মণ্ডপের নিরাপত্তার ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে।

















