মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আজ থেকে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন এবং আমাকে আমার নির্বাচনী এলাকা ঢাকা-৬ ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাকে এলাকায় গিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়া প্রসঙ্গে ইশরাক হোসেন দুঃখপ্রকাশ করে বলেন, যদি আমার এই অভিযানের মাধ্যমে কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তবে আমি তার জন্য দুঃখিত। তবে তিনি দাবি করেন, সেদিন তিনি কোনো ভুল করেননি। নিরাপত্তার প্রয়োজনে যতটুকু সময় অস্ত্র রাখা প্রয়োজন ছিল, ততটুকুই তিনি তা হাতে রেখেছিলেন এবং পরবর্তীতে তা আর দৃশ্যমান ছিল না।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য ছিল অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা। স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খুলতে পারেন না কারণ অপরাধীদের কাছে অস্ত্র ও অর্থ রয়েছে। তিনি স্থানীয়দের অভয় দেওয়ার চেষ্টা করেছেন। এ সময় তিনি অভিযোগ করেন যে, পরিকল্পিতভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে বিদেশি আধিপত্যবাদী শক্তি ড্রোন ব্যবহার করে কাঁটাতারের ওপার থেকে মাদক পাঠাচ্ছে।
উল্লেখ্য, শনিবারের ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই শত শত নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হন ইশরাক হোসেন।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছিলেন ইশরাক হোসেন। এদিন সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। ইশরাক বলেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব।’

















