সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর হুতি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় দুইজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের হামলাকে বাংলাদেশ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে ঢাকা জোর দিয়ে বলেছে, চলমান সংকটের প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে হামলার মুখে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
















