রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সিপাহী পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
ভুক্তভোগী দুই যাত্রী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামের বাসিন্দা রুবেল (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের বাসিন্দা অলিউল্লাহ। অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে তারা কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। রাত বেশি হওয়ায় তারা স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে খাবার খাওয়ার সময় আরএনবি সিপাহী আমিনুল ইসলাম পলাশ ও তার সহযোগী আরও দুজন সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে তারা যাত্রীদের থানায় নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন।
ঘটনার রাতেই ভুক্তভোগীরা আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী যাত্রীদের সাথে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি। এরপর থেকে আমিনুল স্টেশনে আর উপস্থিত হননি।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় আগামী রোববার অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















