রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার একটি আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে সোপর্দ করে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের উত্তর অঞ্চলের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম একটি বিতর্কিত ফেসবুক পোস্ট শনাক্ত করে। ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘মাইশা আঞ্জুম’ নামের একটি আইডি থেকে পোস্টটি করা হয়েছিল।
পোস্টটিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসের ছবি ছিল, যা প্রধানমন্ত্রীকে বহনকারী বাস হিসেবে পরিচিত। ওই ছবির নিচে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’। এই মন্তব্যের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

















