জুলাই আন্দোলনে ঢাকার দনিয়া কলেজের সামনে সংঘটিত পাপ্পু চৌধুরী হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছিলেন। আজকের শুনানির সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নাসির উদ্দিন সাথীর পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পাপ্পু গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় গত বছরের ২৩ আগস্ট আলী চৌধুরী নামে এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে। তার আইনজীবী জানিয়েছেন, এখন পর্যন্ত তাকে মোট ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

















