কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এসে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের তীব্র আকুতি প্রত্যক্ষ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় তার গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রোহিঙ্গারা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন, নাগরিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রোহিঙ্গাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’।
প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি অনেক রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষার কথাও ব্যক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আগে থেকেই তাদের দাবিগুলো তুলে ধরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। গাড়িবহর যখন ক্যাম্পের বিভিন্ন সড়ক দিয়ে যাচ্ছিল, তখন তারা রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শান্তভাবে নিজেদের দাবির কথা জানান। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা তাদের এই বার্তা পৌঁছে দেন।
সফরকালে সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরজমিন পর্যবেক্ষণ করেন। ক্যাম্পে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন এই বিশেষ দূত।

















