জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার বাতাস কেবল দুটি জায়গায় সীমাবদ্ধ—একটি সোশ্যাল মিডিয়া এবং অন্যটি ভারত। স্বাধীন ও সার্বভৌম এই ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি খাতের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, কেবল একজন মন্ত্রীকে দায় দিলেই হবে না, এর দায়ভার কোনোভাবেই প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। তিনি যদি দেখেন কোনো মন্ত্রী মন্ত্রণালয় পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, তবে তাকে অপসারণ করতে হবে। ব্যর্থতার নাটক দেখে তাকে পদে বসিয়ে রাখা হলে সেই দায় দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করতে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অবহেলা করছেন। তিনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

















