ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নজিরবিহীন ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদ এখন চরম থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাজধানীর আকাশজুড়ে প্রায়ই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ৪১ বছর বয়সী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এখন ভারী নিরাপত্তার বলয়ে বাঙ্কার সমৃদ্ধ একের পর এক সুরক্ষিত রাজপ্রাসাদে স্থান পরিবর্তন করে দিন কাটাচ্ছেন।
হুতি বিদ্রোহীদের লাগাতার হামলার মুখে সৌদি আরব বর্তমানে বড় ধরনের আকাশ প্রতিরক্ষা সংকটের মুখোমুখি হয়েছে। এই সংকট মোকাবিলায় রিয়াদ পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারের দ্বারে দ্বারে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের সন্ধান করছে। এক সময় পর্যটনের জন্য নিরাপদ ও বিলাসবহুল হিসেবে পরিচিত রিয়াদ আজ মিসাইল আতঙ্কে সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বিশেষ করে পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের চরম ঘাটতি সৌদি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশাল ভৌগোলিক আয়তন এবং রাজপ্রাসাদসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে সৌদি প্রশাসন।
















