সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু বিনিময় চুক্তি রয়েছে, তাই সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রয়োজনে ধরে বেঁধে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। শেখ হাসিনা নিজে দেশে ফেরার কথা বলছেন উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি আসতে চাইলে আসতে পারেন, সরকার প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আদালতের নির্দেশনা অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডা. জাহেদ উর রহমান স্পষ্ট জানিয়ে দেন, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শেখ হাসিনার বক্তব্য প্রচার করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্টদের পুনরায় সতর্ক করে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে তাকে আইনি পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কেউ যদি এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হন এবং মনে করেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়া উচিত, তবে তিনি আদালতে গিয়ে বর্তমান রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদালত তার রায় পরিবর্তন করার আগ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিকের জন্য আবশ্যকীয় কর্তব্য।

















