চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল একই ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে চালানো এই অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে জব্দ করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















