শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

প্রতিবেদক
সব খবর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় একযোগে সব বোর্ডের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল। যদিও চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশের গুঞ্জন ছিল, তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১০ আগস্ট চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় গত ২০ মে এসএসসির লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছিল।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সব খবর