জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। সভাটি দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
এর আগে, দলীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্বাচন এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে দলীয় নেতাদের সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় আরও গুরুত্ব দেওয়া হয় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিয়ে আন্দোলন গড়ে তোলার ওপর। এছাড়া, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি, পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি এবং প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, মেয়র প্রার্থী আসিফ মাহমুদ তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে উত্তরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণে এসেছেন।
সভায় নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

















