রাজনীতি

সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
সব খবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধানের পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, এই পদে নতুন নিয়োগের ক্ষেত্রে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে।

২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই মাসে ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে অবৈতনিক ছুটিতে পাঠায়। এর আগে গত বুধবার তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে সংসদীয় কমিটি পর্যালোচনা করছে এবং ঢাকা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহী। দুই দেশের মধ্যে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও নিরাপত্তার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনার মধ্যে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সব খবর