দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো জাদুঘর তৈরির একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। ‘রক্ষা এবং সংরক্ষণ’ স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের মূল্যবান ইতিহাস ও দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এই বিশেষ পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে। একদল একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফসল হিসেবে এই জাদুঘরটি স্কুল প্রাঙ্গনে নির্মিত হয়েছে।
সম্প্রতি এই জাদুঘর স্থাপনের বিষয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএস-এর সহ-সভাপতি এবং ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ এবং টিজিএস-এর সদস্যরা।
দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা বিশ্বের নানা প্রান্ত থেকে জাদুঘরটি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সোসাইটির মতে, শত বছরের পুরনো এই স্কুলটির সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই জাদুঘরটি বিশেষ ভূমিকা পালন করবে। আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

















