শিক্ষাব্যবস্থায় কোনো বিতর্কিত মতাদর্শের প্রচার নয়, বরং দেশের নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর আইসিএবি মিলনায়তনে সংগঠনের মজলিসে আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। মূলত ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সভাপতি বলেন, মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সর্বমহল থেকে নিন্দার ঝড় ওঠার পর তিনি ভুলক্রমে ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ বলে ফেলেছেন বলে যে উদ্ভট অজুহাত দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন না করে একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত। এটি শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি করেছে।
মুনতাছির আহমাদ আরও বলেন, শিক্ষাব্যবস্থা কোনো বিতর্কিত মতাদর্শের প্রচারকেন্দ্র হতে পারে না; এটি একটি জাতির জ্ঞান, নৈতিকতা, চরিত্র ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান অবলম্বন। শিক্ষার আধুনিকায়নের নামে নিজস্ব মূল্যবোধ বিসর্জন দেওয়া কাম্য নয়, বরং আধুনিকায়ন হওয়া উচিত জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে। তিনি বলেন, ট্যাবু শব্দের আড়ালে কোনো সংবেদনশীল বিষয়কে প্রশ্নাতীত করে তোলা বা তার পক্ষে ধারাবাহিক প্রচারণাকে অগ্রাধিকার দেওয়া যুক্তিসংগত নয়। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে ভিন্নমত পোষণ করাকে পশ্চাৎপদতা হিসেবে দেখার প্রবণতাও তিনি প্রত্যাখ্যান করেন।
শিক্ষা খাতের প্রকৃত সংকটের দিকে ইঙ্গিত করে মুনতাছির আহমাদ বলেন, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, কর্মমুখী শিক্ষা, গবেষণার পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং বেকারত্ব নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে বিতর্কিত ইস্যুকে গুরুত্ব দেওয়া শিক্ষাব্যবস্থার অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলে। পরিশেষে, ট্রান্সজেন্ডার ইস্যুকে ‘শয়তানি এজেন্ডা’ এবং আল্লাহর সঙ্গে বিদ্রোহ ও মানবপ্রকৃতিবিরোধী হিসেবে আখ্যায়িত করেন তিনি। এই প্রেক্ষাপটে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

















