কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর চার দফা দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলন চলাকালে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও ফাঁসি কার্যকর করা, কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।
বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন।
উল্লেখ্য, গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হন কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ১৯ সেপ্টেম্বর শনিবার কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

















