ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজ এবং তারেক রহমানের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উদ্যম কামনা করেন। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক এই কামনা করি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। আপনার সদয় কথার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ মোদির এই বার্তাটি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে, যা দুই দেশের সরকারপ্রধানের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি প্রকাশ্যে আনে।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তাঁর ৭৬তম জন্মদিন পালিত হয়। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালের অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন পর্যায় থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দেশের নেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা এমন এক সময়ে এলো যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতপার্থক্য সামনে এলেও কূটনৈতিক যোগাযোগ চলমান আছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।
১০ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে জানা যায়, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন। এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুই দফায় আমন্ত্রণ জানানো হলেও ঢাকার পক্ষ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এমন প্রেক্ষাপটে দুই দেশের সরকারপ্রধানের জন্মদিনের শুভেচ্ছা বিনিময়কে দ্বিপক্ষীয় যোগাযোগের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই শুভেচ্ছা বার্তার বাইরে দুই সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো নতুন দ্বিপক্ষীয় উদ্যোগ বা সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

















