বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, আমাদের হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছেন। আপনারা যে আমন্ত্রণের বিষয়ে জানতে চেয়েছেন, আমরা তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সোমবার জানিয়েছিলেন যে, ব্রিকসের ওই সেশনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধের ব্যাপারে রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।

















