মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি হওয়া এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, আমি মনে করি, একটি চুক্তি এখনো সম্ভব এবং এটি অবশ্যই সম্ভব।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র দুই দিন আগেও ইরানের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষ মুহূর্তে ইরান কর্তৃপক্ষ জানায় যে, তারা এখনই চুক্তি করতে পারছে না এবং বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা এবং দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য এলো। এদিকে, নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নয় শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, সোমবার ১৩ জুলাই রাতে ইরানের ওপর নতুন করে হামলা চালানো হয়েছে, যা ছিল টানা তৃতীয় রাতের মতো আক্রমণ। সেন্ট্রাল কমান্ডের ভাষ্যমতে, এই ধারাবাহিক হামলার মাধ্যমে ইরানি বাহিনীর ওপর চড়া মূল্য চাপানো হবে এবং হরমুজ প্রণালিতে নিরীহ বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে ইরানের আক্রমণ করার সক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে।

















