দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিয়মের সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।
লটারি কার্যক্রম শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, নির্বাচিত এই কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে ঢাকায় পদায়ন আদেশ জারি করা হবে। তিনি আরও বলেন, কেবল লটারির মাধ্যমেই নয়, বরং তাদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা ও কাজের চাপ সহ্য করার সক্ষমতা যাচাই করে উপযুক্ত স্টেশনে দায়িত্ব বণ্টন করা হবে। কোনো নির্দিষ্ট এলাকাকে ‘প্রাইজ পোস্টিং’ বা দুর্নীতির আখড়া হিসেবে চিহ্নিত করা হলে সেখানে স্বচ্ছতা আনতে এমন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আসাদুজ্জামান বলেন, শুধু ঢাকা নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। ঢাকা পোস্টিংয়ের ক্ষেত্রে নেতিবাচক ধারণা দূর করতেই এই লটারি পদ্ধতির সূচনা করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর কর্মকর্তারা সঠিকভাবে কাজ করছেন কি না, তা মন্ত্রণালয় ২৪ ঘণ্টা মনিটরিং করবে বলেও তিনি জানান।
বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন এবং প্রায় ১৩৯টি পদ শূন্য আছে। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, মো. খাদেম উল কায়েস এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















