বাংলাদেশ

আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব

প্রতিবেদক
সব খবর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে নতুন দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সরকার জানিয়েছে, বিগত সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার এবং বাকি অংশ মাদকসহ সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহারের বিষয়টি সরকারের নজরে এসেছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা পর্যায়ে সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন। এছাড়া নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার জেলার দায়িত্ব পালন করবেন। মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুরের দায়িত্ব পেয়েছেন। মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালীর দায়িত্বে থাকছেন।

তালিকায় আরও রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ), সাচিং প্রু (কক্সবাজার), মো. শরিফুল আলম (টাঙ্গাইল ও নরসিংদী), শামা ওবায়েদ ইসলাম (মাদারীপুর ও শরীয়তপুর) এবং অনিন্দ্য ইসলাম অমিত (মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ)। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পেয়েছেন আব্দুল বারী, ঢাকার দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব পেয়েছেন।

অন্যান্যদের মধ্যে মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর, মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনার দায়িত্ব পেয়েছেন। শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল এবং ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জের দায়িত্বে রয়েছেন। আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠি, মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ এবং আলহাজ্ব মো. জি কে গউস সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব পেয়েছেন। মিঞা নুরুদ্দিন আহম্মেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা মাদক ও চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সরকারি দপ্তরগুলোকে পরামর্শ দেবেন। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন তারা। প্রয়োজনে তারা জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিতে পারবেন। সরকারের বিদ্যমান ক্ষমতা এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব না করেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সব খবর