পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় পর্যায়ে মোট ২ হাজার ৫৩৫ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের অবশিষ্ট ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১ হাজার ৫১৫ জন এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ৫৮৫ জন প্রার্থী রয়েছেন। সময়সূচি অনুযায়ী, ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের প্রার্থীদের পরীক্ষা হবে, যেখানে প্রতিদিন ১৯৫ জন করে মোট ৩৯০ জন অংশ নেবেন। ১৫ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১৫০ জন প্রার্থী ভাইভা দেবেন। ১৬, ১৭, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর প্রতিদিন ১৯৫ জন করে সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থী এবং শেষ ধাপে ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন ১৯৫ জন করে শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের নির্ধারিত ‘বিপিএসসি ফরম-১’ যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপিসহ পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে। সব মূল সনদ বোর্ডে প্রদর্শন করা বাধ্যতামূলক। ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত তিন কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি এবং বয়স প্রমাণের জন্য এসএসসি সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে ও বা এ লেভেলের প্রার্থীদের জন্ম তারিখ সংবলিত সনদ, চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির মেয়াদ উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ইকুইভ্যালেন্স সনদ এবং ডিগ্রি সনদে জিপিএ বা শ্রেণিবিন্যাস না থাকলে মার্কশিট। চিকিৎসকদের বিএমডিসি এবং পশুচিকিৎসকদের ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ জমা দিতে হবে। অবতীর্ণ হিসেবে আবেদনকারীদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সব পরীক্ষা শেষ হওয়ার প্রমাণপত্র, শারীরিক মাপসংবলিত চিকিৎসকের প্রত্যয়নপত্র এবং চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দেওয়া আবশ্যক। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা কোটার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের কপিও জমা দিতে হবে।
প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে তিন কপি পূরণ ও স্বাক্ষর করে জমা দিতে হবে। এছাড়া অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণ করে এর দুই কপি প্রিন্ট নিয়ে বোর্ডে জমা দিতে হবে এবং সব সনদের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফরমে আপলোড করতে হবে। পিএসসি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো প্রার্থীর ঠিকানায় ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের ওয়েবসাইট থেকে নিজ দায়িত্বে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তাতে রোল নম্বর ও তারিখ লিখে ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত না হলে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না।

















