যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ব্যবস্থাপনায় কাশিপুর বিওপির নিকটবর্তী বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ বীরশ্রেষ্ঠের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এবং সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অনন্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

















