বাংলাদেশ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

প্রতিবেদক
সব খবর

ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় শুক্রবার বেলা সোয়া একটার দিকে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে জুমার নামাজে যাওয়ার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান ব্যবসায়ী নাজিম উদ্দিন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বাসের নিচে ঢুকে মারাত্মকভাবে দুমড়েমুচড়ে গিয়েছিল। ভেতরে তাকিয়ে তিনি এক নারী ও এক শিশুকে নড়াচড়া করতে দেখেন। দ্রুত তাদের টেনে বের করে রাস্তার পাশে নিয়ে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে দুজনেরই মৃত্যু হয়। নাজিম উদ্দিন আক্ষেপ করে বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা তিনি আগে দেখেননি। দুর্ঘটনার পর অনেকে এগিয়ে এসে সাহায্য করার পরিবর্তে ছবি ও ভিডিও তোলায় ব্যস্ত ছিলেন, ডাকলেও তাদের উদ্ধারকাজে পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। মোফাজ্জল গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন এবং পরিবারসহ জামালপুর থেকে গাজীপুর যাচ্ছিলেন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী বাসটি নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সব খবর