জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে পরিষদের ৮১তম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তাকে সমর্থন করার জন্য অন্যান্য দেশের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আন্তরিকতা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আট দশকের বেশি সময়ে এ সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

















