দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনের কাজে ঝাঁপিয়ে পড়ে, তবে কোনো শক্তিই এই অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের তরুণ শক্তির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ স্কাউটস এবং ২২ হাজার বিএনসিসি সদস্য রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সারা দেশে হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিপুল সংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠিত করতে চায়, তবে তা সম্ভব। তিনি উপস্থিত সবাইকে দায়িত্ব নিয়ে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে লাখ লাখ মানুষ আজ একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে, আর তা হলো দেশকে আবর্জনামুক্ত করা। তরুণ সমাজ যে কোনো বড় পরিবর্তন আনতে সক্ষম, তার প্রমাণ ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্ববাসী দেখেছে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের সূচনা সেখান থেকেই হয়েছে। তাই আসুন, আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি।
ডেঙ্গু সমস্যার সমাধানে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস আমাদের লক্ষ্য থাকবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করা। হয়তো আমরা শতভাগ সফল হতে পারব না, তবে অন্তত ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশটা আমাদের সবার, তাই আমাদেরই একে গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।

















