রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্যমতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনার পরপরই ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা থেকে মিছিলে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

















