সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ও ধলমৈশা গ্রামের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই আয়োজন নিয়ে পাল্টাপাল্টি পোস্ট ও মন্তব্যের কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, ফেসবুকের বিভিন্ন মন্তব্যের মাধ্যমে একে অপরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, যা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ। তিনি গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনের অনুলিপি শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও পাঠানো হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণে খাই হাওরে এই নৌকাবাইচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেন এই আয়োজনের উদ্যোক্তা বলে জানা গেছে। তবে ইউনিয়ন পরিষদকে না জানিয়ে এমন বড় আয়োজনের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে সংঘাতের আশঙ্কার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। আয়োজক আবুল হোসেনের ভাই আলী হোসেন জানান, গত বছরও পাঁচ গ্রামের সমন্বয়ে সফলভাবে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছিল, যার সঙ্গে বীরগাঁও গ্রামের কোনো বিরোধ ছিল না। তিনি দাবি করেন, এবারও পাঁচ গ্রামের মানুষ আয়োজনটি সফল করতে কাজ করছেন এবং সংঘাতের কোনো সম্ভাবনা নেই; যারা বিতর্ক করছেন এটি তাদের ব্যক্তিগত বিষয়।
এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা জানান, জেলা পর্যায়ের সভায় ব্যস্ত থাকায় তিনি লিখিত অভিযোগটি তাৎক্ষণিকভাবে হাতে পাননি, তবে প্যানেল চেয়ারম্যান তাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উভয় পক্ষের বক্তব্য শোনা হবে। ইউএনও আরও জানান, কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তবে প্রশাসন এমন আয়োজনের অনুমতি দেওয়ার সুযোগ রাখে না।

















