রাজধানীর তিনটি ভিন্ন স্থানে পর্যায়ক্রমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দুর্বৃত্তদের দ্বারা নাশকতা ছড়ানোর প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
শুক্রবার জুমার নামাজের পর প্রথমে মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা এবং মহাখালীতে পৃথকভাবে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পরেই টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল।
একই দিনে, মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এই বিস্ফোরণ ঘটেছিল।

















