কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিখোঁজ অপ্রতীম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। ঘটনার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার নিজ বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে সন্তানকে খুঁজে না পাওয়ায় তার মা ড. নাহিদা বেগম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।’
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৬

















