গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ট্রাইব্যুনালের রায়ে আরাফাতসহ দণ্ডপ্রাপ্ত সবার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই সম্পত্তি বিক্রি করে জুলাই বিপ্লবে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে আইনি এই রায়ের পর মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনি কেবল সাবেক প্রতিমন্ত্রীই নন, দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবলের লাইসেন্স পাওয়া তিনটি প্রতিষ্ঠানের একটি ‘সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড’-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা হিসেবেও পরিচিত। দেশের এই গুরুত্বপূর্ণ ও কৌশলগত খাতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকানা এবং সেই লাইসেন্স প্রদানের পুরো প্রক্রিয়াটি এখন নতুন করে পর্যালোচনার দাবি রাখছে।

















