পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ এবং তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এই মেধাবীরাই দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তারাই দেশের সম্পদ। তাদের হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, মেধাবীরা শুধু দক্ষ জনশক্তি হিসেবেই নয়, সুনাগরিক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে। তারাই হবে আগামী দিনের কান্ডারী এবং দেশ গড়ার নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাঈদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ৫ম শ্রেণির ৭৬ জন এবং ৮ম শ্রেণির ৬৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

















