রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের সরকারি আবাসন বা ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ জানিয়েছে, ন্যাম ভবনের ৫ নম্বর ব্লকের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটটি এমপি জিএম নজরুল ইসলামের। সেখানেই মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ফ্ল্যাটের সামনের এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে এবং সেখানে যাতায়াত সীমিত করা হয়।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, মরিয়মের মরদেহ উদ্ধারের পর সিআইডির ফরেনসিক দল এবং পিবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে এমপি ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

















