বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে এবং বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধাগুলো দূর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। রোববার গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে তুলশিদাস বাধে জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে একটি বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রক্রিয়াকে গতিশীল করতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি এই উদ্যোগ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন।
জবাবে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন একটি ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। তিনি উদীয়মান ও সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ইন্ডিয়ান হাইকমিশন প্রতিদিন প্রচুর সংখ্যক ভিসা ইস্যু করছে।

















