মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাখরেরকান্দি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া পালকী পরিবহনের একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে এর চাকা নষ্ট হয়ে যায়। বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে হানিফ পরিবহনের আরেকটি বাস পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এই দুর্ঘটনার ফলে ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনি জানান, পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও উল্লেখ করেন তিনি।

















