অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) নাম পরিবর্তন করে ‘এসআরইউ ডিএমপি’ করা হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা থাকবে। এসব ইউনিট সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হবে। তবে সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয় থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে। তিনি আরও বলেন, আগে এটিইউর সদর দপ্তরে থাকা কর্মকর্তাদের সারা দেশে চরমপন্থি কর্মকাণ্ডের ক্ষেত্রে কাজ করার এখতিয়ার ছিল, কিন্তু এখন একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে এসআরইউকে নিয়ে আসা হচ্ছে।
প্রয়োজন অনুযায়ী প্রতিটি মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করে সেখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সিটিটিসি আগে আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না, এটি ডিএমপির অধীনেই কার্যক্রম চালাত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।
এসআরইউর সদর দপ্তর বর্তমানে আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য অতিরিক্ত আইজিপি সেখানেই অবস্থান করবেন। পর্যায়ক্রমে এই ইউনিটের সাংগঠনিক কাঠামো, অবকাঠামো, লজিস্টিক ও প্রযুক্তিনির্ভর সুবিধা গড়ে তোলা হবে। এছাড়া ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের কার্যক্রমও আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জন্য কেন্দ্রীয়ভাবে একটি বড় ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিভাগীয় পর্যায়েও ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে আটটি ল্যাবের কার্যক্রম চালু হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের ল্যাব উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

















