প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৯। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, আমন্ত্রিত অতিথি এবং সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সেখানে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পৃথক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলো সফল করার ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা পালন করতে পারে।
উপাচার্য আরও বলেন, অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর সমাজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। এই সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতেও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের কল্যাণে সাবেক শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

















