সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি নিরসনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে স্বচ্ছ ধারণা দেন।
শিক্ষামন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, যদি কোনো উত্তীর্ণ প্রার্থী আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র না পেয়ে থাকেন, তবে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমন প্রার্থীদের বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, যাচাই-প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের কাছে নিয়োগপত্র পাঠানো হবে।
নিয়োগপত্র পেতে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও জানান যে, সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত এবং আবশ্যকীয় প্রক্রিয়া। মূলত এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই নিয়োগপত্র প্রদানে সময় প্রয়োজন হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

















