প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি কর্মসূচি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বাংলাদেশেও সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করা হয়েছে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব যাতে নিত্যপণ্যের বাজারে না পড়ে, সেজন্য সরকার সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অসংগতি দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্যাস সংকট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে এই সমস্যা আর নেই। এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে সেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং কারখানাগুলো পুনরায় তাদের নিয়মিত উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

















