সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী এলাকার লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘উত্তরণ’ এই মহড়াটি বাস্তবায়ন করে। এটি মূলত ‘অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়েছে।
মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে দুর্যোগের আগাম সতর্কবার্তা ও মানবিক সংকটে কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মহড়াটির সভাপতিত্ব করেন রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু। এতে সিপিপি সদস্য রফিকুর জামান মুন্নাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
এর আগে, দুর্যোগের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠে এবং ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

















