বাংলাদেশ

ঢাকার শ্যামপুর থেকে বাকেরগঞ্জের নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার

প্রতিবেদক
সব খবর

বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকার শ্যামপুর এলাকা থেকে দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলো—দাঁড়িয়াল ইউনিয়নের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা আক্তার (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর এই তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় জিডি করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে একটি যৌথ দল অভিযানে নামে। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, উদ্ধারকৃত তিন ছাত্রীকে ইতিমধ্যে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে এবং আইনি ধাপ শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সব খবর