রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আকস্মিকভাবে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি এই পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মান, রোগীদের ভোগান্তি ও সেবাপ্রাপ্তির অবস্থা এবং হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন দাশ, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. নু-ই-জাহান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. নাজনীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. চম্পা চৌধূরীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে সবকিছু দেখার পর এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উপস্থিত সাংবাদিকদের কাছে হাসপাতালের বর্তমান কার্যক্রম নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে এবং সাধারণ রোগীরা যাতে সহজে মানসম্মত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অতীতে যা হয়েছে তা বাদ দিয়ে এখন থেকে রোগীদের ভালোভাবে সেবা প্রদান করতে হবে।
এদিকে স্থানীয় সেবাপ্রত্যাশীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত এক বছর ধরে হাসপাতালটিতে কুকুর কামড়ানোর ফ্রি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এছাড়া রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করতে বাধ্য করা এবং ওষুধের সংকট নিয়েও তারা অভিযোগ তুলেছেন।

















