৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সফরের শুরুর দিকে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেবেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করার কর্মসূচিও রয়েছে তার।

















