গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন খান। রোববার দুপুরে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। অ্যাডভোকেট জালাল উদ্দিন খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নম্বর ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা নূর নবী হৃদয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন এবং এলাকায় সন্ত্রাস ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে নূর নবীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, যার মামলা নম্বর ২২(৯)২৬।
তিনি আরও উল্লেখ করেন, গত ৩ অক্টোবর শনিবার নূর নবী ও তার অনুসারীরা গুটিয়া এলাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনা করে এবং তার বাড়িতে দুটি ব্যানার ও ১০টি তাজা ককটেল মজুত করে রাখে। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় বিকেল নাগাদ ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর থেকেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবীর ইন্ধনে তার আত্মীয়-স্বজনরা জালাল উদ্দিন খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষে মো. মদন মিয়া, আব্দুল খালেক, স্বপন মিয়া, আবু হানিফ ও দুলু মিয়াসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

















