ভারতের কেরালা রাজ্যের ২০০৬ সালের একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। অভিযোগ অনুযায়ী, সেই সময়ে কেরালার পূর্ত দপ্তরের (পিডব্লিউডি) সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ঘটনার তদন্তের জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরোর পরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে ভারত ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের (কেএসটিপি) আওতায় সড়ক নির্মাণের কাজ চলছিল। ওই প্রকল্পের প্রধান প্রকল্প ব্যবস্থাপক ছিলেন মালয়েশিয়ার সিভিল ইঞ্জিনিয়ার লি-সি-বিন। একই বছর তিনি আত্মহত্যা করেন এবং পুলিশের উদ্ধার করা একটি সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ ছিল বলে অভিযোগ রয়েছে। সেই সময় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলেও তা আর উল্লেখযোগ্যভাবে এগোয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা রোববার সাংবাদিকদের জানান, তৎকালীন সময়ে জ্ঞানেশ কুমার পিডব্লিউডি থেকে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লিতে চলে যাওয়ায় তদন্তের গতি স্তিমিত হয়ে পড়েছিল। এর পরবর্তী সময়ে তিনি আর রাজ্য ক্যাডারে ফিরে আসেননি। সম্প্রতি কংগ্রেস নেতা মালয়ানকীজু বেণুগোপালের কাছ থেকে এই পুরোনো মামলাটি নিয়ে নতুন অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুনরায় সামনে আসে।
মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই তদন্ত পুনরায় শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন। ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরোকে এই ঘটনার তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বর্তমানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল বা আদালতের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

















